পীরের আস্তানা ভাঙচুর: ২০ জামায়াত-শিবিরের কর্মীর বিরুদ্ধে মামলা

ফেনী

ফেনীর দাগনভূঞায় এক পীরের আস্তানায় ভাঙচুরের ঘটনায় ২০ জামায়াত-শিবিরের কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে আস্তানার প্রধান পরিচালক নাসির উদ্দিন হাসনাত আল আমিরী দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন।

উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের লক্ষীপুরে হাসনাত মাওলা নামে এক পীরের আস্তানায় বুধবার বিকেলে ওই ঘটনা ঘটে।

মামলায় স্থানীয় জামায়াত নেতা মনসুর আহমদ, আবদুর মালেক, আবদুর রহিম, আবু মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৬ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই আস্তানায় আগামী ২৭ ফেব্রুয়ারি বার্ষিক ওরস মাহফিল আয়োজন করছিল কর্তৃপক্ষ। কিন্তু, মাহফিল করতে বাধা দেয় স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা। বুধবার বিকালে স্থানীয় লোকজনকে উস্কানি দিয়ে মিছিল নিয়ে পীরের আস্তানায় হামলা ও ভাংচুর করে তারা।

দাগনভূঞা থানার ওসি আসলাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আস্তানায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

/টিএন/