যাত্রী হয়রানী বিষয়ে আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জ
পরিবহন ধর্মঘটের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মঙ্গলবার গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় সেখানে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। এছাড়া অনেকেই সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানে চড়ে যাতায়াত করেন।
চট্টগ্রাম
সারাদেশের মতো চট্টগ্রামেও চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এ কারণে সেখানে দূরপাল্লা ও স্বল্পপাল্লার কোনও বাস চলাচল করতে দেখা যায়নি। কোনও উপায় না দেখে সাধারণ যাত্রীরা রিকশা, অটোরিকশা ও পায়ে হেঁটে তাদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
কুড়িগ্রাম
সারাদেশের মতো কুড়িগ্রামের সঙ্গেও রাজধানীসহ অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ দু-একটি রুটে সীমিত আকারে বাস চলাচল করছে। এ সময় সেখানে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সারাদেশের মতো মানিকগঞ্জেও শ্রমিক সংগঠনের ডাকা সড়ক অবরোধে নাকাল হয়ে পড়েছেন যাত্রীরা। এ কারণে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার কোনও যানবাহন চলাচল করেনি। এছাড়া জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও কোনও ধরনের যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে কোনোমতে মানিকগঞ্জ পর্যন্ত আসতে পারছেন অনেকে। তবে পাটুরিয়া কিংবা আরিচা পর্যন্ত যেতে কোনও ধরনের যানবাহন না পেয়ে বাধ্য হয়ে পায়ে হেঁটে পাটুরিয়ার পথে রওনা দেন যাত্রীরা। মানিকগঞ্জ থেকে পাটুরিয়া পর্যন্ত ২৭ কিলোমিটার পথে চোখে পড়েছে মানুষের ঢল।
সারাদেশের মতো কুমিল্লা জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে জেলার ২০টি সড়ক ও মহাসড়কের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে কোনও কোনও যাত্রীদের দেখা গেছে সিএনজিতে, কেউ কেউ মাইক্রোবাস ভাড়া করে, আবার কাউকে পায়ে হেঁটেই চলাচল করতে।
রাঙামাটি
বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে বিপাকে পড়েছে আন্ত জেলা ও রাঙামাটি- চট্টগ্রাম, রাঙামাটি- ঢাকার সঙ্গে যোগযোগ করতে যাওয়া সাধারণ মানুষদের। দূরপাল্লার কোনও বাস চলাচল না করায় রিজার্ভ গাড়ি নিয়ে যাত্রীদের গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে। এছাড়া একটি বিআরটিসি বাস চলাচল করার কথা শুনে সেখানে অসংখ্য যাত্রীদের ভিড় দেখা গেছে।
পরিবহন ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকেই সিলেট থেকে দূর পাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। এছাড়া সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ সড়কেও বাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে কুমিল্লা থেকে সিলেটে আসা নির্মাণ শ্রমিক রাজু ও এরশাদ জানান, প্রায় ১৫ কিলোমিটার সড়ক পায়ে হেঁটে তারা সিলেটে এসেছেন।
ময়মনসিংহ
ময়মনসিংহে ধর্মঘট চলাকালে শ্রমিকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও ইট দিয়ে বেরিক্যাড দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। একারণে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। তাদের বিকল্প বাহন হিসেবে ভ্যান রিজার্ভ করে গন্তব্যে যেতে দেখা গেছে।
হঠাৎ অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন বগুড়ার সাধারণ মানুষজনও। সকালে সড়ক ও মহাসড়কে থ্রি-হুইলার বের হলেও পরে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে যাত্রীদের রিকশা-ভ্যানে চলাচল করতে দেখা গেছে।
সিরাজগঞ্জ
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন খুলনা অঞ্চলের ডাকা ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মঙ্গলবার ভোর থেকে ধর্মঘট পালন করা হচ্ছে। এ কারণে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ২২ জেলা থেকে দূরপাল্লা ও স্বল্পপাল্লার বাস বঙ্গবন্ধু সেতু হয়ে পারাপার হচ্ছে না। তবে সকাল থেকেই মহাসড়কে স্বল্প সংখ্যক ট্রাক চলাচল করায় সাধারণ যাত্রীদের তা ব্যবহার করতে দেখা গেছে।
এছাড়া দেশের প্রায় সব জেলা থেকেই যাত্রী দুর্ভোগের খবর পাওয়া গেছে।
/এআর/এফএস/
আরও পড়ুন-