সঠিক পথে থেকে সব চ্যালেঞ্জ মোকাবিলা করবে ইসি: কবিতা খানম

নওগাঁয় জেলা সার্ভার স্টেশনের মূল গেটের পাশে গাছের চারা রোপণ করছেন কবিতা খানমনির্বাচন কমিশনের (ইসি) গোটা মেয়াদকেই চ্যালেঞ্জিং উল্লেখ করে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, কমিশন সঠিক পথে থেকে সব চ্যালেঞ্জ মোকাবিলা করবে।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে নওগাঁয় নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম। এসময় তিনি নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন। সভায় সবাইকে শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
কবিতা খানম বলেন, ‘আমি নওগাঁর সন্তান। আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। আপনারা সবাই আমাকে সহায়তা করবেন যেন সামনের দিনগুলো ঠিকঠাকমতো কাজ করে কাটাতে পারি।’
এর আগে কবিতা খানম নওগাঁ জেলা সার্ভার স্টেশন ঘুরে দেখেন। এসময় জেলা সার্ভার স্টেশনের মূল গেটের পাশে দু’টি গাছের চারা রোপণ করেন তিনি।
কবিতা খানমের সঙ্গে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোতালেব হোসেনসহ জেলার অন্যান্য নির্বাচন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

এবার মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাইও স্থগিত

‘জনগণের আস্থা অর্জনই নতুন ইসির বড় চ্যালেঞ্জ’

/টিআর/