বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট জেতায় পাটগ্রামে আনন্দ মিছিল

 

বঙ্গমাতা টুর্নামেন্ট জেতায় পাটগ্রামে আনন্দ মিছিলের একাংশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় পাওয়ায় বৃহস্পতিবার পাটগ্রাম পৌরশহরে সর্বস্তরের জনতা আনন্দ মিছিল করেছে। টেলিভিশন সেটের সামনে খেলা উপভোগ শেষে এ আনন্দ মিছিল করে সর্বস্তরের জনতা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।  রাজশাহীর চারঘাট বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। সিলেটের জৈন্তাপুরের কামরাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-৪ গোলে হারিয়ে বালক পর্যায়ে শিরোপা জয় করে কক্সবাজারের টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়।  

পাটগ্রাম পৌরশহরের কাপড় ব্যবসায়ী মিথুন হক বলেন, ‘পর পর কয়েক দফায় টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন শিরোপা জয় লাভ করে আসছে। সেই ধারাবাহিকতা রক্ষা করলো এবারও। এ আনন্দ গোটা পাটগ্রামবাসীর। তাই এ আনন্দ মিছিলে আমরা শামিল হয়েছি।’

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির কো-চেয়ারম্যান নূর কুতুবুল আলম বলেন, ‘পাটগ্রাম উপজেলার অধিকাংশ মানুষই টিভি সেটের সামনে থেকে খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখেছে। সেই আনন্দ আমরাও ভাগাভাগি করেছি। শিরোপা জয়ের ধারা অব্যাহত রাখায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। আগামীতেও যাতে এ ধারা রক্ষা করা সম্ভব হয় সেদিকে আমার নজর থাকবে।’

 টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ মুঠোফোনে বলেন, ‘এ অর্জন গোটা পাটগ্রামবাসীকে উৎসর্গ করা হয়েছে। আগামীতে যাতে বিজয়ের ধারা অব্যাহত থাকে সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই। তাঝাড়া ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি আমার অকৃতিম ভালোবাসা।’

 /টিএন/