পাঁচদোনায় আগুন লেগে ১৩টি দোকান পুড়ে ছাই

 

 

 

নরসিংদীর পাঁচদোনা বাজারে আগুন

নরসিংদীর পাঁচদোনায় আগুন লেগে পুড়ে গেছে ১৩টি দোকান। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকাল ৫টায় সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাঁচদোনা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দমকল বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকাল পাঁচটার দিকে বাজারের মাহবুব মিয়ার জ্বালানি তেলের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে অল্প সময়ের মধ্যে পাশ্ববর্তী রিকশা তৈরির কারখানা, রিকশার গ্যারেজ, সেলুন, ওয়ার্কশপসহ আশপাশের আরও ১২টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

পাঁচদোনা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জায়েদুর রহমান মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি দাবি করেছেন, আগুনে মজুদ করা  জ্বালানি তেল, যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল পুড়ে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নরসিংদী দমকল বাহিনীর উপ-পরিচালক মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর নরসিংদীর দুটি, পলাশ থেকে দুটি ও মাধবদীর ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

/টিএন/