নতুন সময়সূচিতে চালু হয়নি রূপসা ও সীমান্ত এক্সপ্রেস

চিলাহাটি ট্রেন

নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন থেকে নতুন সময়সূচিতে এখনও চালু হয়নি খুলনাগামী আন্তঃনগর ট্রেন রূপসা ও সীমান্ত এক্সপ্রেস। স্থানীয়দের অভিযোগ, ১ মার্চ থেকে চালু হওয়ার কথা থাকলেও দেখা মেলেনি ট্রেন দুটির।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী পুরাতন রেলওয়ের স্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন সময়সূচিতে রবিবার দুপুর পর্যন্ত ট্রেন দুটি চলাচল করেনি। তবে রাজশাহীগামী বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস চলাচল করছে।’

চিলাহাটি থেকে রবিবার বাদে প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ছেড়ে যায় বলেও জানান তিনি।

একই স্টেশনের আরেক মাস্টার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিগগিরই চিলাহাটি-খুলনা রুটে রূপসা ও সীমান্ত চালু হবে বলে জানতে পেরেছি। তবে কবে নাগাদ চালু হবে জানি না।’

তিনি আরও জানান, ‘ট্রেন দুটির নতুন কোচের বহর তৈরি করা হচ্ছে। সৈয়দপুর কারখানায় কাজ চলছে। শেষ হলেই চালু হবে।’

স্থানীয় ব্যবসায়ী আপেল বসুনিয়া ও পলাশ জানান, ট্রেন দুটি দেয়ায় স্থানীয়রা অনেক খুশি হন। রেলওয়ে কর্তৃপক্ষও সময়সূচি ঘোষণা করে। তবে এখনো ট্রেন দুটি চালু হয়নি।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন সময়সূচিতে চিলাহাটি রেলস্টেশন পর্যন্ত চারটি আন্তঃনগর ট্রেনের গন্তব্য সম্প্রসারণ করা হয়।এর মধ্যে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস নীলফামারীর পরিবর্তে চিলাহাটি থেকে সপ্তাহে রবিবার বাদে প্রতিদিন চলাচল করছে। ট্রেনটি সকাল ৫টা ৫০ মিনিটে ছেড়ে যায় চিলাহাটি হতে। আবার রাত ৯টা ৫০ মিনিটে ফিরে আসে। একই রুটে তিতুমীর বুধবার বাদে প্রতিদিন ছেড়ে যায় দুপুর ২টায়।

সূত্র আরও জানায়, সপ্তাহে বৃহস্পতিবার বাদে প্রতিদিন রূপসা সকাল ৮টায় ও সীমান্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সৈয়দপুরের পরিবর্তে চিলাহাটি থেকে ছেড়ে যাওয়ার কথা।

উল্লেখ্য, রূপসা, সীমান্ত, বরেন্দ্র, তিতুমীর ও নীলসাগরের চলাচলের জন্য এক কোটি চল্লিশ লাখ টাকা ব্যয়ে নীলফামারী-ডোমার হয়ে চিলাহাটি পর্যন্ত রেলপথ সংস্কার ও অবকাঠামো নির্মাণ করা হয়।

এমএ/