কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

আত্মহত্যার প্রতীকী ছবিকক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের সৈকত আবাসিক এলাকার কটেজ জোনের ‘সাজ্জাদ কটেজ’ থেকে লাশটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার এসআই নুরুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সাজ্জাদ কটেজের একটি রুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক তরুণীর লাশ ঝুলে আছে-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে রুমের দরজা খুলে ফ্যানের সঙ্গে গলায় ওড়না লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর আনুমানিক বয়স ২২ বছর। হোটেলের নিবন্ধন খাতায় তার নাম উল্লেখ করা হয়েছে জান্নাত এবং বাড়ি ভোলায়।’

তিনি আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়। নিহত তরুণীর লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।’

/এসএনএইচ/