কুসিক নির্বাচনে দুই প্রার্থীর পক্ষে মাঠে কেন্দ্রীয় নেতারা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর জন্য অনানুষ্ঠানিক প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন দুই দলের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (১০ মার্চ) ছুটির দিনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। অন্যদিকে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে সারাদিন মাঠে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচনের দুই হেভিওয়েট প্রার্থীর পক্ষে এসব প্রচারণায় মুখর হয়ে উঠেছে নগরী। দুই মেয়র প্রার্থীর সঙ্গে গণসংযোগে ব্যস্ত সময় কাটিয়েছেন কাউন্সিলর প্রার্থীরাও।
৩০ মার্চ অনুষ্ঠিতব্য কুসিক নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী সীমা শুক্রবার সকাল থেকেই গণসংযোগ শুরু করেন। নগরীর রাজগঞ্জ বাজার হয়ে চর্থা, উনাইসার, ঠাকুরপাড়া, পালপাড়া, চর্থাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লাসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতেই তিনি নৌকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান সবাইকে।
এদিন কুসিক নির্বাচনে নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়ী করার আহ্বান রেখে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘কুমিল্লাকে বিশ্বের অন্যতম আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী। তাকে সম্মানিত করুন, তিনিও নগরবাসীকে সম্মানিত করবেন।’ নগরীর রেসকোর্সে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘নৌকা প্রতীকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী নিজে মেয়র হয়ে নগরীর প্রধান সড়ক দখল করে সুউচ্চ অট্টালিকা বানিয়েছেন, খাল দখল করে মার্কেট বানিয়েছেন। তিনি আর যাই করুন, মানুষের সেবা করতে পারবেন না।’ এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় নেতারা নগরীর পিটিআই স্কুল, হারুন স্কুলসহ বেশ কয়েকটি এলাকায় মতবিনিময় সভা করেন।
ছুটির দিন শুক্রবার বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুও সকাল থেকেই গণসংযোগ শুরু করেন। নগরীর বাদশা মিয়ার বাজার, শাসনগাছা, ডাক বাংলো রোড, মফিজাবাদ কলোনী, শ্রীভল্লবপুর নাথপাড়া, ঘোষপাড়া, পদুয়াবাজারসহ বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তার মেয়াদকালে কুমিল্লা সিটি করপোরেশনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্যই তিনি আরেকবার সুযোগ চান ভোটারদের কাছে।
এদিন সন্ধ্যায় ধানের শীষ প্রতীকের সমর্থনে নগরীর ধর্মসাগর পাড়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইয়াছিনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের এক যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি যেকোনও মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরে পেতে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়ী করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। যৌথ সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে মাঠ পর্যায়ে প্রচারণা চালানোর কর্মপন্থা ঠিক করতে বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে বিশেষ বৈঠক করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

সামরিক চুক্তির তথ্য জনগণকে জানাতে হবে: ফখরুল

বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে: নাসিম

/টিআর/