গাজীপুরের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ম্যানহোলে পড়ে এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনও মৃত কিশোরীর নামপরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পেয়ারা বাগানের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই কিশোরী ড্রেনে পড়ে যান। মুহুর্তেই পানির স্রোত তাকে প্রায় ৪০ গজ দূরে ভাসিয়ে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভোগড়া পুলিশ। তারা স্থানীয়দের সাহায্যে মেয়েটিকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের পরনে কালো রংয়ের বোরকা ছিল।
/এমএ/