চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেডিক্যাল সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন বিশ্ববিদ্যালয়টির এক নারী শিক্ষার্থী। শনিবার (১১ মার্চ) চবি’র প্রক্টরের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এ তথ্য।
চবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চিকিৎসার জন্য ওই শিক্ষার্থী মেডিক্যাল সেন্টারে গেলে তার সঙ্গে অসদাচরণ করেন চিকিৎসক। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা ওই চিকিৎসককে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসককে উদ্ধার করে প্রক্টরিয়াল বডি।
প্রক্টর আলী আজগর চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে চবি’র এক সহকারী প্রক্টর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযুক্ত ডাক্তারের দাবি, ঘটনার সময় সেখানে মেডিক্যাল সেন্টারের কয়েকজন কর্মচারী উপস্থিত ছিলেন।’
আরেক সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই শিক্ষার্থীকে হলে পাঠাই। মেয়েটিকে লিখিত অভিযোগ করতে বলা হয়। তিনি অভিযোগ প্রক্টর অফিসে জমা দিয়েছেন।’
/এমএ/এএআর/