সাভারে ওয়ার্কশপে আগুন লেগে পুড়েছে চার গাড়ি

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাড়ি

সাভারের আমিনবাজার এলাকায় এক ওয়ার্কশপে আগুন লেগে চারটি গাড়ি পুড়ে গেছে। সোমবার (১৩ মার্চ) বিকাল তিনটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল আল মামুন।

স্থানীয়রা জানান, এফ এস ইঞ্জিনিয়ারিং কারখানায় ওয়ারলিং মেশিন দিয়ে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ করে ওই মেশিনের আগুনের ফুলকি থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই তা কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আশপাশের বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে এই কাজে যুক্ত হয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল আল মামুন বলেন, ‘এ ঘটনায় ওয়ার্কসপে থাকা হানিফ পরিবহনের একটি বাসসহ চারটি গাড়ি পুড়ে গেছে।’

/এমএ/