নেত্রীর নির্দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, কষ্ট পেতে হবে: কাজী জাফর উল্লাহ

Comilla city lig picআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন, আমাদের দায়িত্ব তার বিজয় নিশ্চিত করা। আর যদি নেত্রীর নির্দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চান! তাহলে ভবিষ্যতে অনেক কষ্ট পেতে হবে। আমি জানি কুমিল্লার দুই বড় রাজনৈতিক নেতার মধ্যে দীর্ঘদিন যাবত কিছু ভুল বোঝাবুঝি হয়ে আসছে। বিভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ঐক্যবদ্ধ হোন।

সোমবার দুপুরে কুমিল্লা টাউন হল অডিটরিয়ামে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ কর্মী সভায় এসব কথা বলেন কাজী জাফর উল্লাহ। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর উল্লাহ বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে দিনের বেলায় নৌকা, আর রাতের বেলায় নৌকার বিরুদ্ধে কথা বলা আমরা বরদাশত করবো না। আমরা নৌকা ও শেখ হাসিনার জন্য কাজ করি। কোনও ব্যক্তির জন্য কাজ করি না। আমরা আওয়ামী লীগ নামে একটা দলের জন্য কাজ করি।

তিনি বলেন, দেখিছি কত বড় বড় নেতা, নিজেকে অনেক বড় মনে করেন। কিন্তু নৌকা প্রতীক না থাকলে তার যে কি হবে? সেটার গ্যারান্টি নেই।

কাজী জাফর উল্লাহ বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে চান? নৌকার ভালো চান? শেখ হাসিনার ভালো চান? তাহলে দয়া করে ভুল করবেন না। শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী শতভাগ দায়িত্ব পালনে নৌকার জন্য মাঠে নেমে পড়ুন।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ হলে কেউ হারাতে পারবে না। নারায়ণগঞ্জের সিটি নির্বাচন তার প্রমাণ। নারায়ণগঞ্জে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিশাল ব্যবধানে বিজয় নিশ্চিত করেছি। কুমিল্লায়ও যদি সেই পুরনো বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই; তাহলে নারায়ণগঞ্জের মতো কুমিল্লায়ও বিশাল বিজয় আসবে।

সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুর সবুর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি, কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রী ডা. মেরিনা জাহান, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিকর, কেন্দ্রীয় মহিলা লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।

/এমপি/