বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বেজক্যাম্প বাংলাদেশ লিমিটেড ও এর অঙ্গ-সংগঠন থাউজেন্ড মাইলস এক্সপেডিশন বাংলাদেশ-এর আয়োজনে এই হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে শুক্রবার (১৭ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে আসেন আয়োজকরা।
কক্সবাজার ও এখানকার সমুদ্র সৈকতকে বিশ্ব দরবারে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ ও পর্যটকদের অনুপ্রাণিত ও সম্পৃক্ত করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছিলেন পর্যটন করপোরেশনের প্রিন্সিপাল পারভেজ চৌধুরী, বেজক্যাম্প বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ‘দি লংগেস্ট ওয়াক ২০১৭’-এর আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন।
জানা গেছে, ১৮ মার্চ সকাল ১০টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে ‘দি লংগেস্ট ওয়াক ২০১৭’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ওইদিন লাবণী পয়েন্ট থেকে শুরু হয়ে ২০ মার্চ টেকনাফ শাহপরীর দ্বীপে গিয়ে ১০০ মিটার হাঁটার এই তিন দিনের কার্যক্রম শেষ হবে।
হাঁটা প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। হাঁটবেন মোট ৩০ জন। তারা লাবণী পয়েন্ট থেকে কলাতলী সৈকত পর্যন্ত গিয়ে পরে মেরিন ড্রাইভ সড়ক ধরে হাঁটবেন। মূল কার্যক্রমের সঙ্গে স্থানীয় জনগণ ও আগ্রহী পর্যটকদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে পাঁচ কিলোমিটার একটি প্রতীকী হাঁটার ব্যবস্থাও থাকবে।
ক্যাম্পের অংশ হিসেবে স্থানীয়দের নিয়ে ‘প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় করণীয় ও কক্সবাজারের পর্যটন সম্প্রসারণে ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে থাকবেন পরিবেশবিদ শীতল কুমার নাথ।
/জেএইচ/