বাগেরহাটে ট্রলার ডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার

27a822a9936de172f555608cec3b9117-58de23cf38a23

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শিশু রাহাতের (১০ মাস) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত আটটার দিকে পানগুছি নদীর সোনাখালী এলাকা থেকে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

সে মোড়েলগঞ্জ উপজেলার পল্লি মঙ্গল গ্রামের মোঃ বাচ্চু বাদশার ছেলে। পরণের জামা ও গলায় থাকা দুটি তাবিজ দেখে একমাত্র সন্তানের লাশ সনাক্ত করেন নিহতের পিতা। পরে পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।

এই নিয়ে গত পাঁচদিনে দশ নারী, তিন শিশুসহ মোট ১৮ জনের মরদেহ উদ্ধার করা হলো। তবে এখনো আরেক শিশু নিখোঁজ রয়েছে।

শনিবার বেলা সাড়ে এগারোটায় মোরেলগঞ্জ ফেরিঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান প্রেস ব্রিফিং করে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

গত মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সোয়া দশটার দিকে পারাপারের সময় ৮০ জন যাত্রী নিয়ে পানগুছি নদীতে ট্রলারটি ডুবে যায়।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাসেদুল ইসলাম বলেন, শনিবার রাতে স্থানীয় লোকজন পানগুছি নদীর সোনাখালী এলাকায় এক শিশু মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

/এমএইচ/