গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণে কার্ড প্রতি অনিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে ৭শ’ ও নিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে এক হাজার টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এ বছর ওই কলেজ থেকে ৩৫৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ওই কলেজের পরীক্ষার্থী সুমন বিশ্বাস বলেন, আমি ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করেছিলাম। এ বছর ওই এক বিষয়ে পরীক্ষা দেব। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলেজ থেকে প্রবেশপত্র নিয়েছি। এ কার্ড গ্রহণের সময় আমার কাছ থেকে ৭ শ’টাকা আদায় করা হয়েছে। এছাড়া এ বছর এইচএসসিতে সব পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রবেশপত্র প্রতি এক হাজার টাকা করে আদায় করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষার্থী ও অভিভাবকরাও একথা নিশ্চিত করেছেন। দরিদ্র অনেক পরিবারের অভিভাবক এ টাকা জোগাড় করতে হিমশিম খেয়েছেন। নাম প্রকাশ না করার স্বার্থে ওই কলেজের এক শিক্ষক জানান, প্রবেশপত্র বিতরণে টাকা আদায়ের কোন বিধান নেই। ফরম পুরণের সময় প্রবেশপত্র পরিবহনসহ অন্যান্য খরচ রাখা হয়। কিন্তু এখানে প্রবেশপত্র বিতরণে অন্তত ৩ লাখ টাকা আদায় করা হয়েছে বলে জানান ওই শিক্ষক।
কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার প্রবেশপত্র বিতরণে টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহে যাতায়াত খরচ রয়েছে। এছাড়া আরো অনুসঙ্গিক খরচ করতে হয়। এ কারণে পরীক্ষার্থীদের কাছ থেকে কার্ড প্রতি কিছু টাকা আদায় করা হয়েছে। তবে সেটা ৭শ’ থেকে ১ হাজার টাকা নয়।
/এমএইচ/