যশোরে দুর্বৃত্তদের গুলিতে কলেজ ছাত্র আহত

যশোরযশোরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন শাকিব হোসেন (২৪) নামে এক কলেজ ছাত্র। রবিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের শংকরপুর মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। তিনি এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় একটি মোটরসাইকেলে চড়ে শাকিবসহ তিন যুবক কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে শংকরপুর হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
তখন এক রাউন্ড গুলি শাকিবের বাম কানের নিচে বিদ্ধ হলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। তখন বাকি দু’জন তাকে ফেলেই মোটরসাইকেল নিয়ে কেটে পড়ে। এরপর স্থানীয়রা শাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
কলেজ ছাত্র গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে রবিবার রাতে হাসপাতালে যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবু শহীদ মো. সরোয়ার। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘কে বা কারা কী কারণে তাকে গুলি করেছে তা জানা যায়নি। এসব বিষয়ে অনুসন্ধানে তৎপরতা শুরু করেছে পুলিশ।’
আহত শাকিব সাংবাদিকদের জানান, তিনি যশোর কলেজের ইতিহাস তৃতীয় বর্ষের ছাত্র। তার বাবার নাম ইমান আলী। তাদের বাড়ি যশোর সদরের চাঁদপাড়া এলাকায়। ঘটনার সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন তার বন্ধু সেতু। আর পেছনে ছিলেন আরেক বন্ধু পিয়াস।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি চিকিৎসক ওয়াহেদুজ্জামান জানিয়েছেন, শাকিবের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার্থে তাকে ঢাকায় স্থানান্তরের জন্য বলা হয়েছে।

/জেএইচ/