বড়হাটের তিন জঙ্গির লাশ দাফন

বড়হাটের জঙ্গি আস্তানা

মৌলভীবাজারের বড়হাটে জঙ্গিবিরোধী অভিযানে নিহত তিন জঙ্গির লাশ দাফন করা হয়েছে। এর মধ্যে আশরাফুল আলম নাজিম (২২) ছাড়া বাকি দুইজনের লাশ শনাক্ত করতে না পারায় তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের পৌর এলাকার টিকরবাড়ি কবরস্থানে তিন জঙ্গির লাশ দাফন করা হয়। পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর আবদুল মতিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন, ‘তিন জঙ্গির মধ্যে আশরাফুল আলম নাজিমের মা মনোয়ারা বেগম ছেলের লাশ সনাক্ত করতে পারেন। ছিন্নভিন্ন হওয়ায় বাকি দুইজনের লাশ সনাক্ত করতে পারেননি তাদের স্বজনরা। তবে সবাই লাশ নিতে অস্বীকৃতি জানান।’

লাশ দাফনকালে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক মো: কুরবান আলী, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো: জালাল আহমদ, পৌরসভার প্রকৌশলী আব্দুল মুমিন ও মো: আমিনুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে বড়হাটে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এখানে সোয়াটের অভিযান ‘অপারেশন ম্যাক্সিমাস’ চলাকালে এক নারী ও দুই পুরুষ জঙ্গি আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা যায়।

/এমএ/