উপার্জনের পথ পেলে মাদক-জঙ্গিবাদের সুযোগ থাকবে না : পলক

জুনাইদ আহমদ পলক



ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রাধনমন্ত্রীর তরুণ প্রজন্মকে আয়ের সুন্দর সুযোগ করে দিয়েছেন। এই সুযোগকে তোমাদের কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশে আইসিটি নিয়ে কাজ করছি। তিনি চান সবাই এই কাজ শিখে আয় করুক। সবাই যদি আয়ের পথ পায় তাহলে আর কেউ মাদক এবং জঙ্গিবাদ তাদের মধ্যে আসার সুযোগ নেই।
শনিবার বিকেলে চাঁদপুর জেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর আইসিটি শিক্ষক এবং এলইডিপি প্রকল্প হতে প্রশিক্ষণ গ্রহণকারীদের সাথে মতবিনিময়কালে প্রশিক্ষণ প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শের আইসিটি শিক্ষার যে সুযোগ করে দিয়েছেন তা আমাদের কাজে লাগাতে হবে। শুধুমাত্র বাংলাদেশেই নয়, পৃথিবীর উন্নত দেশের সাথে পাল্লা দিতে হলে আমাদেরকে প্রোগ্রামিং শিখতে হবে। তিনি বলেন, সরকার তোমাদের উপার্জনের পথ দিয়েছে। আর সেই পথ হচ্ছে আইসিটি লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণ। যারা মেধা খাটিয়ে কাজ করবে তারা দ্রুত আয় করতে পারবে। আজ পুরো দেশের মধ্যে জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সুযোগ করে দিচ্ছেন প্রশিক্ষণের জন্য।
পলক বলেন, আইটি সেক্টর নিয়ে সঠিকভাবে কাজ করতে পারলে বাংলাদেশও দ্রুত এগিয়ে যেতে পারবে। এই সুযোগ কাজে লাগাতে পারলে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ কত বিলিয়ন ডলার আয় করতে পারবে তা কল্পনাও করা যাবে না। এই সম্ভাবনাকে কাজে লাগাতেই জন্যই সরকার আপনাদের নিয়ে কাজ করতে চাচ্ছেন।
আইসিটিতে বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে তাকে বিশ্ব জয়ের হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যেসব সামগ্রী আপনাদের দেওয়া হয়েছে তা ব্যবহার করতে হবে। শোপিস হিসেবে ল্যাপটপ সাজিয়ে রাখা যাবে না। আমি চাঁদপুরের আইসিটি সমস্যা জানতে এসেছি। আপনার যদি দায়িত্ব-কর্তব্য অবহেলা করেন তাহলে কিছু করা যাবে না। আমরা প্রত্যেকটি স্কুল মনিটরিং করবো। আমি আশা করি আপনারা আপনাদের দায়িত্বে থেকে কাজ করবেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল রেখে চলতে হলে শুধুমাত্র পুথিগত শিক্ষা দিয়ে নিজেদের উন্নতি করা সম্ভব না। পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদের আইটি সহ অন্যান্য বিষয়ে শিক্ষা অর্জন করতে হবে। এজন্য আগে শিক্ষকদের আইটি সম্পর্কে শিক্ষা নিতে হবে। শিক্ষকরা যদি আইটি সম্পর্কে না জানেন, তাহলে শিক্ষার্থীদের কি করে শিখাবেন। শিক্ষকদের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠে, তাই শিক্ষকদের এ বিষয়ে ধারনা থাকতে হবে। আপনাদের দায়িত্ব হলো, যে ভাবেই হোক আইসিটি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাইয়ের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানসহ জেলার বিভিন্ন শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ।
/এমএইচ/