দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সম্মেলনের মাধ্যমে বদরুল ইসলামকে সভাপতি ও আবদুস শহীদকে সাধারণ সম্পাদক করে যুবলীগের কুলাউড়া উপজেলা এবং আবদুল খালিককে সভাপতি ও রিংকু রঞ্জনকে সাধারণ সম্পাদক করে জুড়ী উপজেলা কমিটি গঠিত হয়। ৩০ মার্চের মধ্যে যুবলীগের সব উপজেলা কমিটির সম্মেলন করতে জেলা কমিটিকে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু জেলা কমিটি তা করতে পারেনি।
গত ২২ মার্চ জেলা যুবলীগের বর্ধিত সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হকের উপস্থিতিতে কুলাউড়ায় ৫ এপ্রিল ও জুড়ীতে ৭ এপ্রিল সম্মেলন করার ঘোষণা দেওয়া হয়। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীরা সরব হয়ে ওঠেন।
নাম প্রকাশ না করার শর্তে কুলাউড়া যুবলীগের ছয়জন ও জুড়ী উপজেলা যুবলীগের কয়েকজন নেতা-কর্মী বাংলা ট্রিবিউনকে বলেন, এমনিতেই ২০০৯ সালের পর উপজেলা কমিটির সম্মেলন না হওয়ায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছিলেন। এবার কাউন্সিলের তারিখ ঘোষণায় সবাই চাঙা হয়ে ওঠেন। কিন্তু হঠাৎ কাউন্সিল স্থগিত হওয়ায় সবাই হতাশ হয়ে পড়েছেন।
জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি আবদুল খালিক বলেন, ‘আমাদের সব প্রস্তুতি ছিল। কিন্তু হঠাৎ করে জেলা যুবলীগ কাউন্সিল স্থগিতের কথা জানিয়েছে।’
কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুস শহীদ বলেন, ‘আমরা ৫ এপ্রিলের আগেই উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভা কমিটির কাউন্সিল সম্পন্ন করি।’
অপরদিকে, শ্রীমঙ্গল উপজেলা ও পৌর কমিটির নির্ধারিত সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। ৮ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলা ও পৌর কমিটির সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। এই দুই কমিটির সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশিত নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন পোস্টার লাগানোসহ গণসংযোগ চালায়। উপজেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দেয়।
শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘গত ৮ এপ্রিলের উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলনকে ঘিরে কাউন্সিলর তালিকা ও ডেলিগেট কার্ড প্রস্তুত করা হয়েছিল। যুবলীগ জেলা কমিটির সভাপতি মো. ফজলুর রহমানের নির্দেশ পেয়ে সম্মেলন স্থগিত করেছি।’
মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাহিদ আহমদ বলেন, ‘দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল,কুলাউড়া, কমলগঞ্জসহ ৮ উপজেলার অনুষ্ঠিতব্য সম্মেলন স্থগিত করা হয়েছে।’
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি মেয়র ফজলুর রহমান বলেন, ‘সাংগঠনিক বিভিন্ন সমস্যার কারণে ৩০ মার্চের মধ্যে সব উপজেলায় কাউন্সিল সম্পন্ন করা সম্ভব হয়নি। কেন্দ্রের নির্দেশে কুলাউড়া ও জুড়ীতে কাউন্সিল স্থগিত করা হয়েছে। এখন কেন্দ্র থেকে সংশ্লিষ্ট এলাকার এমপির সঙ্গে পরামর্শ করে সেখানে কমিটি গঠন করে দেওয়া হবে।’
/এসএনএইচ/