শাবি ছাত্রলীগের কমিটি স্থগিত, তদন্ত কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)একজন স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়। তবে ঘটনা তদন্তে কেন্দ্র ছাত্রলীগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এইচএম জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ একজন ছাত্রীকে যৌন হয়রানি ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে শাবি শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি স্থগিত করা হয়েছে।’

প্রসঙ্গত, শনিবার (৮ এপ্রিল) বিকালে সদ্য এসএসসি পরীক্ষা সম্পন্ন করা একজন ছাত্রী ক্যাম্পাসে বেড়াতে আসলে তাকে যৌন নির্যাতন ও মারধরের ঘটনা ঘটে।এ সময় ওই ছাত্রীর সঙ্গে থাকা তার ফুফাতো ভাইকেও মারধর করা হয়। ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা এ ঘটনার প্রতিবাদ করায় এবং নিপীড়কদের ছবি তোলায় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ছবি ডিলিট করে দেয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। পরে এ  ঘটনায় পার্থের নেতৃত্বে শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী এবং সহ-সভাপতি সৈয়দ নবীউল আলম  দিপুকে মারধর করা হয়।

এ ঘটনায় বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ আটজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করেছেন নির্যাতিতা ওই স্কুলছাত্রীর মা।

আসামিরা হলেন- পরিসংখ্যান বিভাগের অনিয়মিত ছাত্র ও শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, একই বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী সাজ্জাদ রিয়াদ ও সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদুল হাসান রুদ্র। এছাড়া অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

/এসএনএইচ/ এপিএইচ/