‘সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে কাউকেই ছাড় নয়’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) শাহাদাত হোসেন চৌধুরী

ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার প্রশ্নে কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। বুধবার (১২ এপ্রিল) দুপুরে মাদারীপুরের রাজৈরে আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যে কোনও ধরনের প্রতিকূলতা প্রতিহত করবো, যার প্রমাণ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে রেখেছি।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘নির্বাচন হলো গণতন্ত্রের মৌলিক উপাদান। একে সুষ্ঠু করার ব্যাপারে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা পক্ষপাতমূলক সংবাদ যেন না হয় সেদিকে নজর রাখবেন।’

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ অনেকে।

/এমএ/