রাজনীতিতে সমঝোতার কোনও সেতু নেই: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেররাজনীতিতে সমঝোতার কোনও সেতু নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি এ পর্যন্ত ছোট বড় মিলিয়ে প্রায় ৫ হাজার সেতু তৈরি করেছি। তবে রাজনীতিতে কোনও সমঝোতার সেতু নেই। কিন্তু রাজনীতিতে একের পর এক দেয়াল তৈরি হয়েছে। যেখানে সমঝোতা করার মতো কেউ নেই।’

বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে স্বেচ্ছসেবী সংগঠন সন্ধানীর ৩৬তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে এখন কোনও কর্মী নেই, সবাই নেতা। এগুলো আমাদের রাজনীতির পরগাছা, এ পরগাছাকে তাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদকের পদ রয়েছে। তারপরও প্রচার লীগ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। তরুণ লীগ, প্রজন্ম লীগসহ আরও অনেক ধরনের লীগ তৈরি করা হয়েছে। আবার ওইসব লীগের বিলবোর্ডে প্রস্তাবিত কমিটির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদকের নাম দিয়ে সড়কের ওপরে লাগানো হয়েছে একাধিক বিলবোর্ড। এসব বিলবোর্ডে ৬১ জনেরও ছবি রয়েছে।’

এসব সংগঠনের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে, তখন কিছু ভুইফোঁড় সংঘঠন গড়ে উঠে। তাদের উদ্দেশ্য চাঁদা তোলা। বিভিন্নভাবে চাঁদা আদায়ের জন্যই তারা রাজনৈতিক নাম ব্যবহার করে।’

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে ব্যাপারটা এমন হয়ে গেছে মন্ত্রীকে কোথাও নেওয়া মানে এর পেছনে কোনও দাবি অথবা স্বার্থ আছে। একটা ফুল দিলেও তার পেছনে কোনও স্বার্থ থাকে। দাবি ছাড়া কেউ ফুল দেবে না। একটা গেট করলে এর পেছনে দাবি থাকে।’

/এসএনএইচ/