মারুফ কামালের স্ত্রীর লাশ বগুড়ায় গ্রামের বাড়িতে দাফন

বগুড়াবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেলের স্ত্রী তানিয়া খানের মরদেহ শনিবার (১৫ এপ্রিল) গভীর রাতে বগুড়ার সারিয়াকান্দির রহদহ খাঁপাড়া গ্রামে দাফন করা হয়েছে। দাফন শেষেই মারুফ ও তার স্বজনরা গ্রাম ত্যাগ করেন। পরে রবিবার (১৬ এপ্রিল) রাতে এ ঘটনাটি জানাজানি হয়। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান এই খবর নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে মারুফ কামালের স্বজনরা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকার শ্যামলীর বাসভবনে তানিয়া খান অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার রাতে মারুফ খান সোহেল, তার ভাই মিরু ও কয়েকজন আত্মীয় তানিয়ার মরদেহ নিয়ে পৈতৃক নিবাস বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের রহদহ খাঁপাড়া গ্রামে আসেন। রাত আড়াইটার দিকে তার দাফন সম্পন্ন হয়।
স্থানীয়রা বলছেন, তানিয়া খানের দাফন সম্পন্ন করা হয়েছে সবার অগোচরে। এ বিষয়ে কাউকেই জানানো হয়নি। তানিয়ার মৃত্যুর ঘটনাকে সন্দেহজনক উল্লেখ করে নাম না প্রকাশের শর্তে স্থানীয় কয়েকজন বলেন, মারুফ-তানিয়ার মধ্যে দাম্পত্য কলহ ছিল। তার মৃত্যুর ঘটনা নিয়েও তাই প্রশ্ন আছে। হয়তো পুলিশের ভয়েই সবার অগোচরে তানিয়ার দাফন করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি ওয়াহেদুজ্জামান বলেন, ‘মারুফ কামাল তার স্ত্রীর মরদেহ নিয়ে এলেও এ বিষয়ে পুলিশকে অবহিত করেনি। এমনকি গ্রামের কেউও তার স্ত্রীর দাফনের ঘটনা জানতে পারেনি। গভীর রাতে দ্রুত তার লাশ দাফন করা হয়েছে।’

আরও পড়ুন-

মারুফ কামাল খানের স্ত্রীর আগুনে পুড়ে মৃত্যু নিয়ে রহস্য

/টিআর/