সাতক্ষীরায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই অঙ্গ-সহযোগী সংগঠনটির স্থানীয় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল এবং আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটনের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ ব্যাপারে মনিরুজ্জামান বিপুল জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের অনুষ্ঠানে যোগ দিতে ১৪টি বাস নিয়ে তার পক্ষের নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে পৌঁছালে আলমগীর আলম লিটন তাদের বাধা দেন। এতে সংঘর্ষ শুরু হয়।
এদিকে, আলমগীর আলম লিটন জানান, ৬টি বাসে তার পক্ষের নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বিপুলের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এমএ/