মেহেরপুরে 'মুক্তিযুদ্ধের সময়ের' মাইন উদ্ধার

উদ্ধার হওয়া মাইন

মেহেরপুরে ভৈরব নদ থেকে 'মুক্তিযুদ্ধের সময়ে'র একটি মাইন উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে লিজন নামের ১০ বছরের এক কিশোর। বুধবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সে মাইনটি উদ্ধার করে পুলিশে হাতে তুলে দেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভৈরব নদে গোশল করার সময় মাইনটি পায়ে লাগে সদর উপজেলার যাদবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে লিজনের। সে এটাকে ধাতব বস্তু মনে করে ওপরে নিয়ে আসে। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন এটিকে মাইন বলে দাবি করেন। খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাইনটি দেখে একই দাবি করেন। পরে পানিভর্তি বালতিতে করে তিনি মাইনটি থানায় নিয়ে আসেন।

ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘ভৈরব নদীতে গোসল করতে গিয়ে ওই কিশোর মাইনটি পায়। ধারণা করা হচ্ছে, মাইনটি পাকিস্থান আমলের। এটি তাজা কিনা তা পরিক্ষানিরীক্ষা করে দেখা হচ্ছে।’

/এমএ/