নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যেতে প্রস্তুত: রিজভী

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘যে কোনও সময় ও যে কোনও পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে যেতে প্রস্তুত। তবে সেই নির্বাচন নিরপেক্ষ সরকারে অধীনে হওয়া লাগবে।’

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে দিনাজপুর সদর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে তা কারচুপিপূর্ণ ও একতরফা হবে। এ সরকারের সামান্যতম গণতান্ত্রিকবোধ নেই। তাই তাদের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বিএনপির কোনও সমস্যা নেই, তবে এ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের দুঃশাসন ও নিপীড়ন চলছেই। তারা বিএনপির নেতাকর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে অথবা হত্যা করছে।’

বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব বলেন, ‘সীমান্তে বিএসএফ পাখির মত বাংলাদেশীদের গুলি করে হত্যা করছে। অথচ শেখ হাসিনার সরকার এর কোনও প্রতিবাদ করছে না। বরং ভারত যা চাইছে তাই দিয়ে দিচ্ছে।’ এ অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে নিজ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

সদর উপজেলা আ. লীগের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য আরও রাখেন- জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এজেএম রেজওয়ানুল হক, কাউন্সিল সমন্বয়ক খালেকুজ্জামান বাবু, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অনেকে। কাউন্সিল শেষে আবু বক্কর সিদ্দিককে সভাপতি, মুরাদ আহম্মেদকে সাধারণ সম্পাদক ও আনিসুর রহমান বাদশাকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা বিএনপির কমিটির নাম ঘোষণা করা হয়।

/এমএ/