সাভারে টেঁটাবিদ্ধ হয়ে বৃদ্ধ নিহত, পরে সংঘর্ষে আহত ১০

সাভারসাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টেঁটাবিদ্ধ হয়ে তৌফিজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পরে এ ঘটনায় সংগঠিত সংঘর্ষে আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। শুক্রবার দুপুরের সাভারের ভাকুর্তা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে জুম্মা নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন তৈৗফিজ উদ্দিন। এসময় স্থানীয় একটি সড়কের পাশের দোকানে বসে থাকা কদম আলী  তাকে ডাকে। তবে ওই বৃদ্ধা তার ডাকে কোনও সাড়া না দিয়ে বাড়ি চলে যায়। এসময় কদম আলী ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা টেঁটা ছুড়ে মারলে তা বৃদ্ধার বুকে বিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবরে বৃদ্ধার ছেলে রেজাউল করিমসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এসময় নিহতের পরিবার সদস্যদের সঙ্গে কদম আলী গ্রুপের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দশ জন আহত হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কদম আলীর শশুর আমিরকে আটক করেছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত থাকায় কদম আলীর শশুর আমিরকে আটক করা হয়েছে।’

/এসএনএইচ/