হেফাজত আমিরের সঙ্গে মীর নাছিরের সাক্ষাৎ

শাহ আহমদ শফী ও মীর মোহাম্মদ নাছির উদ্দিনহেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। শুক্রবার (৫ মে) জুমআর আগে হাটহাজারী মাদ্রাসাস্থ আহমদ শফীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাতে মিলিত হন তিনি। এদিন ছিল রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিতর্কিত সমাবেশের চতুর্থ বার্ষিকী।
এ বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানান গুঞ্জন। কারও ধারণা, হাইকমান্ডের নির্দেশে রাজনৈতিক আলোচনা করতেই হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন মীর নাছির। তবে বিষয়টি অস্বীকার করে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার গ্রামের বাড়ি হাটহাজারীতে। আগেও বাড়িতে গেলে হুজুরের (আহমদ শফী) সঙ্গে মাঝে মধ্যে দেখা করতাম। আমাদের সাক্ষাতে রাজনৈতিক কোনও আলাপ-আলোচনা হয়নি।’
হেফাজতের পক্ষ থেকেও একই দাবি করে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘তিনি (মীর নাছির) দোয়া নিতে হুজুরের কাছে আসেন। তাদের মধ্যে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি।’
বৈঠকে আরও ছিলেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনাস মাদানী, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন।
এদিকে ২০১৩ সালের ৫ মে’র ঘটনায় শুক্রবার সংগঠনের পক্ষ থেকে নিহত শহীদ ও আহতদের জন্য বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে।

/জেএইচ/