লক্ষ্মীপুরে ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তি তার বাবা শামছুদ্দিনকে (৬০) পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ মে) রাতে চন্দ্রগঞ্জ থানার দক্ষিণ মান্দারী গ্রামে শামছুদ্দিন তার ছেলে বেলাল হোসেনের (৩২) মারধরের শিকার হন। আর রবিবার (৭ মে) সকাল ৯টার দিকে মারা যান। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জানান, শামছুদ্দিন ও তার ছেলেদের মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ ছিল। শুক্রবার রাতে সেই বিরোধ মীমাংসার জন্য বৈঠক বসে। এই বৈঠকের এক পর্যায়ে বেলাল ও তার ছেলে পিনা উত্তেজিত হয়ে শামছুদ্দিনকে বেদম মারধর শুরু করে। পরে আহত শামছুদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। এজন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ছাড়িয়ে মেয়ে রওশানারা বেগমের লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের পাশের বাড়িতে আনা হয়। রবিবার সকালে সেখানেই তিনি মারা যান।

ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (রবিবার) দুপুর ১২টার দিকে শামছুদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ছেলে বেলালের পিটুনিতেই শামছুদ্দিন মারা গেছেন বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত বেলাল ও তার ছেলে পিন্টু ওরপে পিনাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তারা বর্তমানে পলাতক রয়েছে।’ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

/এমএ/