ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর

Sreepur Attack for Jhut-2

গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে শ্রীপুর ছাত্রলীগের সভাপতি ও তার লোকজনের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার পটকা গ্রামে ‘জে জে ফ্যাশন লিমিটেড’ নামে একটি পোশাক তৈরি কারখানায় এ ঘটনা ঘটে। এটি চায়না মালিকাধীন ‘প্রোস্টার অ্যাপারেল লিমিটেড’র একটি প্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আসাদুজ্জামান।

হামলায় মোশারফ হোসেন (৪০)ও মোহাম্মদ আলী (৪৫)নামে দুই ট্রাক শ্রমিক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল ১০টার দিকে কমপক্ষে ১৫ জন যুবক দা ও লাঠি নিয়ে কারখানার ভেতরে ঢুকে। এসময় ঝুট নেওয়ার জন্য মেসার্স বেপারি ট্রেডার্সের পক্ষে হাবিবুর রহমান জুয়েল ও তার লোকজন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হাবিবুর রহমান জুয়েল বলেন, ‘শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু হামলার নেতৃত্ব দেন। তারা ঝুট নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকের গ্লাস ভাংচুর করে। এসময় দুই ট্রাক শ্রমিক আহত হন।’

Sreepur Attack for Jhut-4

কারখানার প্রশাসনিক ইনচার্জ মাহফুজুল আলম বলেন, ‘কারখানার সঙ্গে চুক্তি অনুযায়ী গত সাত মাস ধরে বেপারি ট্রেডার্সের পক্ষে হাবিবুর রহমান জুয়েল ঝুট নিচ্ছেন। সোমবার সকালেও তিনটি ট্রাকে করে তারা মালামাল নিতে আসেন। এসময় দা ও লাঠি নিয়ে অপরিচিত কিছু লোক কারখানার প্রধান ফটক দিয়ে ঢুকে হামলা ও ভাংচুর করে।

তবে এ অভিযোগ অস্বীকার করে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু বলেন, ‘স্থানীয় গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম ও তার সহযোগী ইব্রাহীমের নামে ওয়ার্ক অর্ডার রয়েছে। কিন্তু হাবিবুর রহমান জুয়েলের লোকজন ব্যবসায় বাধা দেওয়ায় রবিবার শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (নং-২২৮) করা হয়েছে। আমরা কোনও হামলার সঙ্গে জড়িত নই।

এ ব্যাপারে কোনও পক্ষই থানায় সাধারণ ডায়েরি করেননি উল্লেখ করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আসাদুজ্জামান জানান, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে জিকু ও জুয়েলের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। হামলার সময় একটি ট্রাকের গ্লাস ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনার পর থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: সুন্দরবনের গাছ পাচারের অভিযোগে তিন কর্মকর্তাসহ ১২ জন সাময়িক বরখাস্ত