মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটন ৩ হাজার ৩০৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। সোমবার (৮ মে) স্থগিত দুটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হয়। কেন্দ্র দুটিতে রিটন ২ হাজার ৫১১ ভোট পেয়েছেন। অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন ৫৭৬ ভোট। মেহেরপুর নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকতা রোকুনুজ্জামন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকতা রোকুনুজ্জামন জানান, ১৫টি কেন্দ্রে রিটন ১১ হাজার ৭১৯ ভোট পেয়েছেন। আর জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন আট হাজার ৪১৭ ভোট।
গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ তুলে সেখানে নির্বাচন স্থগিত করা হয়। বাকি ১৩টি কেন্দ্রের ফলে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান রিটন নয় হাজার ২০৯ ভোট পেয়ে এগিয়ে থাকেন। বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস পান সাত হাজার ৮৪১ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু দুই হাজার ৬৩২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের পান মাত্র ৫৭ ভোট।
এর আগে দুপুরে কারচুপির অভিযোগ এনে স্থগিত কেন্দ্র দুটিতে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস। এ ব্যাপারে রোকুনুজ্জামন বলেন, ‘এখনও ভোট বর্জন নিয়ে কোনও লিখিত অভিযোগ পাইনি।’
/এমএ/