খুলনা কর অঞ্চল কার্যালয়ের তথ্য মতে, দেশের ৩১টি কর অঞ্চলে চলতি অর্থ বছরের মে মাসের শুরুতে ৮ লাখ ৬০ হাজার নতুন ই-টিআইএন নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র খুলনা কর অঞ্চলেই এক লাখ নতুন ই-টিআইএন নিবন্ধিত হয়েছে। যা দেশের অন্য কোনও কর অঞ্চলের হয়নি।
খুলনা কর কমিশনার ইকবাল হোসেন বলেন, ইউনিয়ন ও পৌরসভা ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাদের ই-টিআইএন নিবন্ধন বিষয়ক প্রশিক্ষন দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়, খুলনা বিভাগের ১০টি জেলায় মোবাইল টিম ফর টি-আইএন (এমটিটি) কর্মসূচি, শিক্ষকদের জন্য ট্যাক্স ট্রেনিং ফর টিচার (টিটিটি) কার্যক্রম গ্রহণ করায় করদাতার সংখ্যা বেড়েছে।
খুলনা কর আপিল কমিশনার প্রশান্ত কুমার রায় বলেন, খুলনা কর অঞ্চলের সব কর্মকর্তার অক্লান্ত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। এখন কর আদায়ের মানসিকতা থেকে বেরিয়ে কর আহরণ করার জন্য খুলনা কর অঞ্চল কাজ করে যাচ্ছে। করদাতারাও সেচ্ছায় তাদের আয়কর দিতে আগ্রহ প্রকাশ করছে। মানুষের মধ্যে ধারণার পরিবর্তন এসেছে।
/এসএনএইচ/