বেনাপোলে ৩১ লাখ টাকার মাদক ও ওষুধ উদ্ধার

উদ্ধার করা ফেনসিডিল

বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর সীমান্ত থেকে সোয়া ৩১ লাখ টাকার ফেনসিডিল, সিগারেট ও ওষুধ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ফেনসিডিল, সিগারেট ও ওষুধ উদ্ধার করা হয়। তবে এসময় কোনও চোরাচালানিকে আটক করা যায়নি। ৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের সুবেদার ফজলুল হক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

সুবেদার ফজলুল হক জানান, ভারত থেকে চোরাচালানিরা মাদকসহ বিভিন্ন মালামাল নিয়ে দেশে প্রবেশ করেছে বলে গোপনে খবর পাই। এরপর বিজিবি সদস্যরা রঘুনাথপুর সীমান্তের স্বরবাংহুদা মাঠে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যায়। এসময় সেখান থেকে  ১৯৯ বোতল ফেনসিডিল, ৩৪০ কার্টন সিগারেট, ২৮ ড্রাম পোল্টি মুরগীর ভ্যাকসিন ও ৩৮৯ পিস ইনজেকশন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য সোয়া ৩১ লাখ টাকা। উদ্ধার হওয়া এসব পণ্য বেনাপোল কাস্টমসে জমা করা হবে বলেও জানান তিনি।

/এমএ/