বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার দেশ বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিদের জায়গা হবে না। ধর্মের নামে যারা তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে তাদের কঠোর হস্তে দমন করা হবে। সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত জীবিত জঙ্গিদের শাস্তি দেওয়া হবে।’
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা পুলিশ আয়োজিত জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের কারাগারগুলোর ২০ শতাংশ কয়েদীই হচ্ছে মাদক ব্যবসায়ী। আমরা এদের শক্ত হাতে নিয়ন্ত্রণ করছি।
তিনি আরও বলেন, ‘মাদক দেশের একটি বড় সমস্যা। সমাজের সবাইকে নিয়ে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রথমে পরিবার থেকে অবস্থান নিতে হবে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ঘাটতি থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন, দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ করেছেন। এসব দেশবাসীকে জানাতে হবে।’
মানিকগঞ্জ পুলিশ লাইনে আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, পিপি আবদুস সালাম। সমাবেশে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান।
এর আগে বিকালে আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকা-আরিচা সড়ক সংলগ্ন বানিয়াজুড়ি তদন্তকেন্দ্র এবং মানিকগঞ্জ শহরের পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
/এমএ/