ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ চরমপন্থী নিহত

গুলিবিদ্ধ মাইদুল ইসলাম রানা ও আলিমুদ্দীনকে কোট চাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে

ঝিনাইদহের কোট চাঁদপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ব-বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) নেতা মাইদুল ইসলাম রানা ও তার সহযোগী আলিমুদ্দীন নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ মে) সাড়ে ১১টার দিকে উপজেলার খোকসা ইউনিয়নের নাগরতলা মাঠের বটতলায় এ ঘটনা ঘটে। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি মাহমুদ খান জানান, র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাইদুল রানা ও তার সহযোগী আলিমুদ্দীন নিহত হয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মাইদুল রানা চিহ্নিত সন্ত্রাসী, তার বিরুদ্ধে বেশ কিছু হত্যা, গুম, চাঁদাবাজি ও অস্ত্র মামলা রয়েছে।

ঝিনাইদহের র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সূত্রে খবর আসে, ১০-১৫ জনের অস্ত্রধারীরা নাশকতা সৃষ্টির জন্য বৈঠক করছে। তাই ঘটনাস্থলে যায় র‌্যাবের টহলরত একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এতে মাইদুল ইসলাম রানা ও আলিমুদ্দীন গুলিবিদ্ধ হয়।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ মাইদুল ইসলাম রানা ও আলিমুদ্দীনকে কোট চাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গুলি বিনিময়ের পর দুইটি বিদেশি বন্দুক, একটি নাইন এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি, দুইটি মোবাইল ফোন ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

/এনএল/এমএ/