কক্সবাজারের সেন্টমার্টিন ও কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ বিতরণ শুরু করেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ ও ‘সমুদ্র খাদেম’। মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে এ ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। এর অংশ হিসেবে দুই জাহাজে করে পাঁচ টন চাল, দুই টন ডাল, তিন টন মুড়ি, আট টন চিড়া, দুই টন গুড়, তিন হাজার মোমবাতি, ৩০০ কেজি পলিথিন ব্যাগ, ১০০ প্যাকেট দিয়াশালাই বক্স ও ২০ টন বিশুদ্ধ খাবার পানি নিয়ে দুর্গত এলাকায় পৌঁছেছে নৌবাহিনী।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ, দুই জাহাজে ৪০০ নৌ সদস্য এবং ২৩ সদস্যে দুটি বিশেষ মেডিক্যাল টিম রয়েছে, যারা দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবে এবং চিকিৎসা সেবা দেবে। দুর্যোগ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই ত্রাণ ও চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ শুরু করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ডের পূর্বাঞ্চল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এছাড়া রাস্তার ওপর পড়ে থাকা গাছপালা সরিয়ে তা যান চলাচলের উপযোগী করা হয়েছে।
/এমএ/