আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
নোয়াখালী
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে বজ্রাঘাতে রবিউল হক বেলাল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টার দিকে ঘোষবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল হক বেলাল একই ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামের মৃত হাবীব উল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের ক্ষেতে গরু নিয়ে যায় রবিউল। এসময় বৃষ্টি শুরু হলে গরু বেঁধে রেখে বাড়ি ফেরার সময় সে বজ্রাঘাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাসান রবিউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হবিগঞ্জ
হবিগঞ্জ জেলার মাধবপুরে বজ্রাঘাতে অজুফা খাতুন (২৬) নামে এক নারী মারা গেছেন। তিনি উপজেলার খড়কি গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ জুন) সকালে তিনি বাড়ির পাশে হাওর থেকে ছাগল আনতে গেলে বজ্রাঘাতে আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এনআই/এআর/