এটা দেশের সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখার বাজেট: নাসিম

সিরাজগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশের মানুষের আয় বেড়েছে। এটা প্রমাণ করে, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আর সমৃদ্ধির পথে দেশের এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। তাই প্রস্তাবিত বাজেটকে দেশের সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখা ও জনগণের স্বার্থ রক্ষার বাজেট বলা যায়।’

শনিবার (৩ জুন) দুপুরে সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের কাজের অগ্রগতি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে বিকালে তিনি জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আইন-শৃঙ্খলা কমিটির ওই সভা শেষে তিনি জেলা প্রশাসন আয়োজিত অফিসার্স ক্লাবে ইফতার মাহফিলে অংশ নেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় প্রবৃদ্ধির হার বেড়েছে। বর্তমান সরকার পদ্মাসেতু নির্মাণসহ দেশে উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম তীরে সিরাজগঞ্জের শিয়ালকোলে ৩০ একর জমির ওপর প্রায় সাড়ে পৌনে সাতশ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ।’

তিনি আরও বলেন, ‘সিরাজগঞ্জে স্বাস্থ্য বিভাগের আড়াইশ’ শয্যার হাসপাতাল ভবন, আইএইচটি ভবন, রাস্তাঘাট-শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজার কোটি টাকার নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে ২শ’ কোটি টাকার কাজ চলছে।’ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের কাজ ২০১৯ সালের জুন মাসে শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘দেশে ব্যাপক উন্নয়ন কাজের পাশপাশি জঙ্গি দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে চলেছে আওয়ামী লীগ সরকার। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকেই দেশবাসীর ভোট দেওয়া উচিত।’

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা প্রশাসক কামরুননাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, প্রকল্প পরিচালক ডা. মো. বাকির হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানিউল হক দানি, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদুসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/এমএ/