নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নতুন বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে বলে বিএনপি অভিযোগ করে আসছে। সত্য হলো, এমন দুর্নীতির জন্য বিএনপি নেতাকর্মীরা জেল খেটেছেন, এমনকি দলটির নেত্রী খালেদা জিয়াও বাদ যাননি। কিন্তু এমন অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীদের জেল খাটার নজির নেই। সুতরাং বিএনপি নেতাকর্মীদের মুখে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলাটাই মানায় না।’
রবিবার (৪ জুন) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদীতে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারীর ১২৭তম তিরোধান উৎসব উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌ-পরিবহনমন্ত্রী বলেন, ‘সনাতন হিন্দুদের তীর্থস্থান নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্ধ ও সোনারগাঁও উপজেলার বারদী এলাকা দিয়ে প্রবাহিত ব্রক্ষ্মপুত্র নদটি স্নানের উপযোগী করা ও লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ভক্তদের যাতায়তের সুবিধার জন্য খুব শিগগিরই খনন কাজ শুরু করা হবে।’
তিনি আরও বলেন, ‘ব্রক্ষ্মপুত্র নদটি খননের জন্য সরকারের সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী উৎসবের আগেই খনন কাজ শেষ করতে পারবো বলেও আশা করছি।’
শাহজাহান খান বলেন, ‘সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের নদীবেষ্টিত নুনেরটেক গ্রামের মানুষের চলাচলের সুবিধার জন্য একটি ফেরি ব্যবস্থা করা হবে। শিগগিরই স্থান নির্ধারণের জন্য একটি প্রতিনিধি দল পাঠানো হবে।’
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবের আহবায়ক শ্রী রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নৌ-মন্ত্রণালয়ের সচিব আশেক মাধব রায়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, তত্ত্বববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শ্রী ধীরাজ কুমার নাথ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাতিয়ার রহমান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকসহ অনেকে।
এর আগে মন্ত্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এলাকা ঘুরে দেখেন এবং উৎসবে আসা ভক্তদের সঙ্গে কথাও বলেন।
/এমএ/