কুমিল্লায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশসহ আটক ৪

আটক হওয়া চার প্রতারক

কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে ভুয়া নারী ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও পেশকারসহ চার প্রতারককে আটক করেছে পুলিশ। রবিবার (৪ জুন) দুপুরে উপজেলার নিমসার বাজার থেকে তাদের আটক করা হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

ওসি মনোজ কুমার দে জানান, আটক হওয়া চারজনের কাছ থেকে ৫টি পরিচয়পত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এসময় আরও দুইজন পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

আটককৃতরা হচ্ছে- দাউদকান্দি উপজেলা নুরপুর গ্রামের আলী আহম্মদ সরকারের মেয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম (৩২), একই উপজেলার সাহাপাড়া গ্রামের শুভ চন্দ্র ঘোষের ছেলে ভুয়া ডিবি পরিদর্শক লিকন চন্দ্র ঘোষ (৩৪), পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ভুয়া পেশকার আবুল ফয়েজ (২৯) ও তাদের গাড়িচালক ভাগলপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে শেখ ফরিদ (৩৫)। পালিয়ে যাওয়া অন্য দুই প্রতারক হলো দাউদকান্দির মাইজপাড়া গ্রামের সহিদ উল্লার ছেলে সোহাগ ও একই গ্রামের মমিন মিয়ার ছেলে ইকবাল হোসেন।

পুলিশ জানায়, রবিবার বেলা ১১টার দিকে ভুয়া ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগমসহ ছয় প্রতারক নিমসার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করছিল। এসময় ভয়-ভীতি দেখিয়ে ৫টি দোকান থেকে নগদ অর্থও হাতিয়ে নেয় তারা। কিন্তু প্রতারক চক্রের সদস্যদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে আটকে রাখে। পরে খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার প্রতারককে আটক করে।

ওসি মনোজ কুমার দে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে কখনও অপরাধ তথ্যচিত্র পত্রিকার সাংবাদিক, কখনও ম্যাজিস্ট্রেট, আবার কখনও পুলিশের পরিচয়ে প্রতারণা করে আসছিল। বিকালে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

/এমএ/