‘লংগদুর ঘটনায় আ.লীগের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চলছে’

সংবাদ সম্মেলনে লংগদু উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা

যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডের জের ধরে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের নাম জড়ানোয় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লংগদু উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সুনাম ক্ষুণ্ণ করতেই একটি মহল ইচ্ছাকৃতভাবে লংগদুতে হামলার ঘটনায় আওয়ামী লীগকে জড়ানোর চেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. জানে আলম বলেন, ‘গত ১ জুন লংগদু সদর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক নরুল ইসলাম নয়নকে সস্ত্রাসীরা হত্যা করে খাগড়াছড়ির চার মাইল এলাকায় ফেলে রাখে। ২ জুন সেই লাশ লংগদুতে নিয়ে আসা হয়। এরপর একটি গোষ্ঠী লংগদুর শান্তি-সম্প্রীতি নষ্টের চেষ্টায় লিপ্ত হয়। গত ৩ জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাহাড়িদের বাড়িঘরে হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেন।’

জানে আলম বলেন, ‘২ জুন নয়নের হত্যাকারীদের বিচার দাবিতে যুবলীগের উদ্যোগে আমরা জেলায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করি। আমরা গণতান্ত্রিক দল; আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

তিনি আরও বলেন, ‘জামায়াতের মতো একটি সাম্প্রদায়িক দলকে সঙ্গে নিয়ে বিএনপি অপ-রাজনীতি শুরু করেছে। এর সূত্র ধরে দলটির কয়েকজন নেতা পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিল না।’

তিনি বলেন, ‘অগ্নিসংযোগের পেছনের ইন্ধনদাতাদের খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে ভবিষ্যতেও এরকম ঘটনা আরও ঘটতে থাকবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার, সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাশ, মো. আজগর আলী, সাংগঠনিক সম্পাদক বাবুল দাশ (বাবু), উপজেলা আওয়ামী লীগের সদস্য সুজিত্র কার্বারি, যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ খান (রাজু), সহ-সভাপতি মো. রেজাউল করিম, মো. রাকিব হাসান, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. মোস্তফাসহ অনেকে।

/এমএ/এমও/