সুন্দরবনে কার্গো ডুবি: উদ্ধার কাজ শুরু

সুন্দরবন

সুন্দরবনের পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় তলা ফেটে ডুবে যাওয়ার ৩ দিন পর সিমেন্টের কাঁচামাল (স্লাগ) বোঝাই কার্গো জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় মেসার্স খান জাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ’র ২০ সদস্যের একটি ডুবরি দল ডুবন্ত জাহাজটি উত্তোলনে কাজ শুরু করেছে। তারা ঘটনাস্থলে পৌঁছে জাহাজের ভেতরের হ্যাচ/কেবিনে থাকা প্রায় ৮শ’ ৭০ মেট্রিক টন স্লাগ অপসারণে কাজ করছে। ডুবন্ত জাহাজের ভেতর থেকে স্লাগ বের করে পাশের অন্য নৌযানে রাখা হচ্ছে। পণ্য উত্তোলন শেষে জাহাজটি যখন হালকা হবে তখন জাহাজটির নিচ ও চারপাশে লোহার কাছি (তার) পেঁচিয়ে এবং ডুবন্ত কার্গোর দুইপাশে দুইটি বার্জের মাধ্যমে টেনে তোলা হবে।

কার্গো জাহাজের মাস্টার নজরুল ইসলাম জানান, কার্গো উদ্ধারে বৃহস্পতিবার সকালে থেকে কাজ শুরু হয়েছে। মোংলার কুমারখালী এলাকার একটি উদ্ধারকারী দল এ কাজ করছে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে জাহাজটি উত্তোলন করা সম্ভব হবে।

মেসার্স খান জাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ’র মালিক আবুল কালাম জানান, চুক্তির ভিত্তিতে আমরা জাহাজটি উত্তোলনের কাজ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে থেকে উদ্ধার কাজ শুরু করেছি। প্রথমে জাহাজের ভেতরের মালামাল অপসারণ করা হচ্ছে। এরপর জাহাজটি উত্তোলনের কাজ শুরু করা হবে। জাহাজটি উত্তোলনের জন্য চট্টগ্রাম থেকে দুই বার্জ ও ক্রেন ভাড়া করা হয়েছে। এ বার্জ ও সরঞ্জামাদি ঘটনাস্থলে এসে পৌছাতে আরো ৪/৫দিন সময় লাগবে। তবে আগামী ১০/১২ দিনের মধ্যে আমরা জাহাজটি উদ্ধার করতে পারবো।

উল্লেখ্য, গত সোমবার ভোরে হাড়বাড়িয়ার ৪ নং অ্যাংকরেজে থাকা বিদেশি পতাকাবাহী জাহাজ এম,ভি আতিকিএসবি’র সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যায় প্রায় ৮শ ৭০ মে. টন স্লাগ বোঝাই কার্গো জাহাজ এম,ভি সেবা। কার্গোটি সিমেন্টের কাঁচামাল বোঝাই করে খুলনার রূপসা এলাকার সুনসিং সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে যাচ্ছিল।

/টিএন/