সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহিনীর প্রধান নিহত

বন্দুকযুদ্ধ

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। এসময় অন্য এক বনদস্যু ও র‌্যাবের দুই সদস্য আহত হন। শনিবার (১০ জুন) দুপুরে গভীর সুন্দরবনের হড্ডা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-৬ এর কর্মকর্তা লে. কমান্ডার জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

রবিউল সাতক্ষীরার মুন্সিগঞ্জ উপজেলার বুড়ি গোয়ালীনি এলাকার বাসিন্দা।

লে. কমান্ডার জাহিদ হোসেন জানান, সুন্দরবনের হড্ডা খাল এলাকায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান চলাকালে বনদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল নিহত হয়। আহত বনদস্যুকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় ১০-১২ জন বনদস্যু পালিয়ে যায়। র‌্যাব-৬ ও পাইকগাছা থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

তিনি আরও জানান, ‘বন্দুকযুদ্ধে’ আহত কনস্টেবল মো. টুটুল শিকদার ও কনস্টেবল রহিম বাদশাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি একনলা বন্দুক, একটি পয়েন্ট টুটু বোর এয়ার গান, একটি দেশি পাইপ গান এবং শর্টগানের ২৭ রাউন্ড গুলি, ১৫ রাউন্ড পয়েন্ট টুটু বোর রাইফেলের গুলি, ৫টি গুলির খোসা এবং একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

/এমএ/