মাদারীপুর সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (১১ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মন্ডল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার মহিষেরচর এলাকার মওলা মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর (২৭) ও কুলপদ্বী এলাকার আব্দুর রশিদ খানের ছেলে ইমান খান (৩৫)। নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসআই প্রদীপ কুমার মন্ডল জানান, রাজৈরের টেকেরহাট থেকে বরিশালগামী পিকআপ ভ্যানের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পিকআপ বা এর চালককে আটক করা যায়নি বলেও জানান তিনি।
/এমএ/