চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

চট্টগ্রাম

চট্টগ্রামে পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) সকালে নগরীর বহদ্দারহাট ও হালিশহর রামপুরা এলাকায় এ দুই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি নায়েক মোহাম্মদ আমীর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বহদ্দারহাট বাদুরতলা এলাকার বাসিন্দা রবিউল আলম  (৪০) ও হালিশহর রামপুরা এলাকার আব্দুল আজিজের ছেলে রাজু (৭)। এদিকে, রবিউলের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী রোকসানা বেগম (৩০) আহত হন। গুরুতর অবস্থায় রোকসানাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

নায়েক মোহাম্মদ আমীর জানান, ‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় সকালে এক শিশুসহ তিনজনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুই জনকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। অন্যজন আশংকাজনক অবস্থায় মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।’

রবিউলের প্রতিবেশী বাপ্পি জানান, রবিউল ও তার স্ত্রী ইলিয়াছ কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। কাছেই একটি গ্যারেজে নিরাপত্তারক্ষীর কাজ করতেন রবিউল। সোমবার সকালে কাজ শেষে ফেরার পথে বাসার বাইরে বিদ্যুতের তার পড়ে থাকতে দেখে তিনি সরাতে যান। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন।

বাপ্পি আরও জানান, স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রবিউলকে মৃত ঘোষণা করে। তার স্ত্রীর অবস্থাও আশংকাজনক। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিউলের সাত বছর বয়সী একটি ছেলে এবং ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে বলেও তিনি জানান।

অন্যদিকে, নগরীর হালিশহরের রামপুরা এলাকায় সকালে খেলতে গিয়ে ঝড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট মারা যায় রাজু।

/এমএ/