চৌদ্দগ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় স্বামীর বিরুদ্ধে ফারজানা আক্তার স্বপ্না (১৮) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ জুন) উপজেলার শুভপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফারজানা আক্তার স্বপ্না শুভপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে।

নিহতের মা আয়েশা বেগমের অভিযোগ, গত জানুয়ারি মাসে সদর দক্ষিণ উপজেলার বড়তুলা পশ্চিম পাড়ার মো. শামছুল হকের ছেলে মনির হোসেনের (২৫) সঙ্গে চার লাখ টাকা দেনমোহরে স্বপ্নার (১৮) বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ এক লাখ টাকা দেওয়া হয়। এরপরও প্রতিনিয়ত মনির হোসেন স্বপ্নার সঙ্গে ঝগড়াঝাটি করতো। গত বিশ দিন আগে স্বপ্না বাবার বাড়িতে বেড়াতে আসে। রবিবার (১১ জুন) সন্ধ্যায় স্বপ্নাকে নিয়ে যেতে মনির শ্বশুর বাড়িতে আসে। এর আগেই স্বপ্নার মা জামাতার জন্য ঈদের নতুন জামা কিনে রাখেন। শ্বাশুড়ির কিনে রাখা নতুন জামা পছন্দ না হওয়ায় মনির তার স্ত্রী স্বপ্নার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে মনির স্বপ্নাকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়।

ওসি আবু ফয়সাল জানান, মনির হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী স্বপ্নাকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যার সঠিক কারণ জানা যাবে।

/এমএ/