বালিয়াকান্দিতে ঝুলন্ত লাশ উদ্ধার

রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আদীল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বিমাগুরা এলাকার একটি মেহগুনি গাছের বাগান থেকে আদীলের লাশ উদ্ধার করা হয়। বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) অলোক ঘোষ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আদীল উপজেলার বেতাঙ্গা গ্রামের মৃত কোহিল উদ্দীনের ছেলে। নিহতের পরিবারের দাবি, আদম ব্যবসায়ীদের কাছে টাকা ফেরত চাওয়ায় আদীল উদ্দিনকে হত্যা করা হয়েছে।

নিহতের শ্যালক রিপন ফকিরের অভিযোগ, বিমাগুরা গ্রামের আদম ব্যাবসায়ী মজিবর মোল্লা আদীলের সন্তানকে কাতারে পাঠায়। কিন্তু সেখানে কাজের ব্যবস্থা করে দিতে না পেরে স্থানীয়দের চাপে মজিবর মোল্লা নয়জনকে দেশে ফেরত আনতে বাধ্য হয়। ছেলেকে কাতার পাঠানো বাবদ টাকা ফেরত চাওয়ার কারণে মজিবর মোল্লা ও তার সহযোগীরা আদিল উদ্দিনকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।

এসআই অলোক ঘোষ জানান, স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

/এমএ/