পাঁচলাইশ থানার পরিদর্শক ওয়ালি উদ্দিন আকবর জানিয়েছেন, ‘গত মঙ্গলবার দুপুরে বাদুরতলার আতাউল ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সালমা নিখোঁজ হয়। সে তখন বাড়ি থেকে বের হয়ে তার বাবার কর্মস্থলে যাচ্ছিল। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করেন।’
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সালমার মরদেহ বাদুরতলার নইমিয়া ভবন মার্কেটের তৃতীয় তলায় ময়লার স্তূপে রাখা একটি কাঠের বাক্স থেকে উদ্ধার করা হয়। ওই মার্কেটের অদূরে শাহ আমানত হাউজিং সোসাইটিতে সালমাদের পরিবার বাস করে।
ওয়ালি উদ্দিন আকবর বলেন, ‘সালমাকে মঙ্গলবারই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার আগে তাকে ধর্ষণ বা যৌন নির্যাতন করা হয়েছে কি না সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে।’
সালমার মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সালমাদের পৈতৃক নিবাস নোয়াখালিতে। তার বাবা সোলাইমান অটোরিক্সা ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। তিনি যমুনা পরিবহনে কর্মরত আছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
/এসএ/