সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন তার স্ত্রী ও সহকর্মীরা। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির হস্তক্ষেপও কামনা করেছেন। মামলার চার্জশিটভুক্ত ২নং আসামি পৌর মেয়র মিরুর ভাই হাবিবুল হক মিন্টুসহ তিন সহযোগীর জামিন বাতিল, মেয়রের পদ থেকে মিরুকে বহিষ্কার ও পলাতক থাকা আরও ২৪ আসামিকে অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান তারা।
শুক্রবার (১৬ জুন) সকালে শাহজাদপুর মুক্তিযোদ্ধা সংসদে স্থানীয় প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে শিমুলের স্ত্রী ও সহকর্মীরা এ দাবি জানান।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাংসদ হাসিবুর রহমান স্বপন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমুল কুমার কুন্ডু, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁজা মো. গোলাম কিবরিয়া, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, রিপোটার্স ক্লাবের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাংবাদিক ওমর ফারুক, আল-আমিন হোসেনসহ অনেকে।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর শহরে সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরুর গুলিতে নিহত হন সাংবাদিক শিমুল। এ ঘটনায় শিমুলের স্ত্রী মিরু ও তার ভাই মিন্টুসহ ৪০-৪২ জনের নামে মামলা করেন। গত ২ মে এ মামলায় চার্জশিট জমা দেয় পুলিশ। আদালত ৪২ দিন পর সেটি আমলে নিয়ে পলাতক থাকা ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেন।
/এমএ/