দশ বছর আগের ও বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য: ফারুক খান

ফারুক খানদশ বছর আগের ও বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। দেশে বর্তমানে অভাবি ও দুস্থ মানুষের সংখ্যা কমে যাচ্ছে। মানুষ এখন না খেয়ে দিন কাটায় না।’

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নিজ নির্বাচনি এলাকার গরীব ও দুস্থদের মাঝে যাকাতের কাপড় বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ফারুক খান বলেন, ‘সমাজের দুস্থদের ভাতা, বিধবা ভাতা, প্রসূতি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে ব্যয় বাড়ানো হয়েছে। সারা দেশের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি হচ্ছে। এলাকার ৯৫ ভাগ বাসিন্দা বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের মহাসড়কে রয়েছে। এখন বিএনপি-জামায়াত এবং জঙ্গিবাদ একত্রিত হয়ে দেশের উন্নয়ন প্রতিহত করতে চায়। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্ত মুন্সী, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নইম মোহাম্মদ মারুফ খান, মুকসুদপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন প্রমুখ।

/এসএনএইচ/এনআই